অডিটর পদে অবৈধ নিয়োগ: রেলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪০
রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব বিভাগে অডিটর পদে অবৈধ নিয়োগের অভিযোগে দায়েরকৃত মামলায় ১৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন পূর্ণাঙ্গ তদন্ত শেষে সম্প্রতি কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার ওই মামলায় ১৩ জনের বিরুদ্ধে কমিশন আদালতে চার্জশীট দায়েরের জন্য অনুমোদন দেন। 
 
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য ইত্তেফাককে জানিয়েছেন, মামলা পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে। উল্লেখ্য, গতবছরের ১০ মার্চ চট্টগ্রামের কোতয়ালী (সিএমপি) থানায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলা নম্বর ২৩।
 
এ ১৩ কর্মকর্তা হলেন, রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত এফএ ও সিএও (সার্বিক) ও বর্তমানে রেলের সিভিল অডিট অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলাম, রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব কর্মকর্তা (প্রশাসন) সার্বিক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এ বি এম মফিজুল ইসলাম, রেলওয়ের পূর্বাঞ্চলের এডি (প্রশাসন) ও বর্তমানে রেলওয়ের বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক জি এম মামুনুর রশিদ, রেলওয়ের পূর্বাঞ্চলের ডিএফএ/পেনশন এ এফ এম শহীদ উল্লাহ, রেলওয়ের পূর্বাঞ্চলের ডিএফএ/সদর মো. আনিসুল হক, অডিটর (এও/ডিপো/পাহাড়তলী) হোসনা আক্তার, রেল প্রশাসনের অডিটর (ডিএফএ) ফারজানা সুলতানা, রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (পার্বতীপুর ) অডিটর মো. নুরুল আমিন, রেলওয়ের পূর্বাঞ্চলের অডিটর (প্রশাসন শাখা) সঞ্চিতা সাদেক, রেলওয়ে (রাজশাহী) অডিটর (এমভি) অপূর্ব বিশ্বাস, অডিটর (টিএও এন্ড এও /স্কোয়াড/পশ্চিম) জিএম আবুল কালাম, রেল প্রশাসনের অডিটর মো. মনিরুজ্জামান, রেলওয়ের অডিটর ডিপিএম (সৈয়দপুর) প্রদীপ কুমার সরকার।
 
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তালিকার প্রথম ৫ জন কর্মকর্তা (আসামি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের হিসাব বিভাগে অডিটর পদে নব নিয়োগের জন্য গঠিত নির্বাচনী কমিটির সদস্য হিসেবে নিজেরা লাভবান হওয়ার কু-মতলবে পারস্পরিক যোগসাজশে অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে তালিকার শেষের ৮ জনকে (অডিটর) অবৈধভাবে এ সকল পদে নিয়োগদানের সুপারিশ করেছে। দণ্ডবিধি ১৬৬/১৬৭/২১৭/ ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলায় তারা প্রত্যেকেই অপরাধী। 
 
ইত্তেফাক/এমআই