ইত্তেফাকের গ্রাফিক্স ডিজাইনারের বাসায় ডাকাতি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর দক্ষিণ মুগদা থানা এলাকায় দৈনিক ইত্তেফাকের গ্রাফিক্স ডিজাইনার মোস্তাফিজুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিকার বিকালে ডাকাতরা তার বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে মালামাল ডাকাতি করে। ডাকাতরা বাসা থেকে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও ১০ ভরি গহনা নিয়ে গেছে। তিনি এ ঘটনায় দক্ষিণ মুগদা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, মুগদার ১/২/এ, নম্বর ওয়াপদা গলির বাসার দ্বিতীয় তলায় তিনি স্ত্রীসহ ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে তিনি এবং তার স্ত্রী একসঙ্গে বাসা থেকে বের হয়ে মৌচাক মোড়ে এসে সেখানে কেনাকাটার জন্য স্ত্রীকে রেখে ইত্তেফাক অফিসে আসেন। এরপর সন্ধ্যার আগে তার স্ত্রী বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। তিনি বাসার ভেতর ঢুকে দেখতে পান সকল মালামাল এলোমেলো এবং আলমারির দরজা ভাঙা। পরে তিনি দেখতে পান তার আলমারিতে থাকা ২ লাখ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ নেই। এ ডাকাতির ঘটনায় গ্রাফিক্স ডিজাইনার মোস্তাফিজুর রহমান দক্ষিণ মুগদা থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।