ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪৫

কুমিল্লার চান্দিনায় ফোনে ডেকে নিয়ে হাসান (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে আহত ওই যুবককে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের একটি কালভার্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।

নিহত হাসান ওই গ্রামের আবদুল জলিল মনা মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন। নিহতের স্ত্রী লাকি বেগম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে হাসান। রাত সাড়ে ১১টায় কেউ একজন ফোন করলে হাসান ঘর থেকে বের হয়ে যায়। সারা রাতও ঘরে ফেরেনি। সকাল সাড়ে ৬টায় গ্রামের রেহান নামে এক শিশু এসে জানায় হাসান ওই কালভার্টের কাছে পড়ে আছে।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করলে সে জানায়— মোকতার, ইদ্রিস ও রুবেল তাকে ডেকে এনে পিটিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় চিকিত্সার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যতদূর জেনেছি হত্যাকারীরা সংঘবদ্ধ মাদক কারবারি এবং হাসান খুচরা বিক্রেতা ছিলেন। হাসানের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া ও চান্দিনা থানার একাধিক মামলাও রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।