আজও আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৩০

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার কার্যক্রম এক দিনের (বৃহস্পতিবার) জন্য মুলতবি রাখার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আবেদন খারিজ করলেও আদালত তাকে আজ বৃহস্পতিবার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।  ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান গতকাল বুধবার এই আদেশ দেন। তবে খালেদা জিয়া আইনজীবীদেরকে জানিয়েছেন, তিনি হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেননি। তার মায়ের মৃত্যুবার্ষিকী থাকায় মামলার কার্যক্রম মুলতবি চেয়েছিলেন। যাতে পরবর্তী দিনে তিনি আদালতে উপস্থিত থেকে বিচার কার্যক্রমে অংশ নিতে পারেন। কিন্তু আদালত আবেদন মঞ্জুর না করায় তিনি আজ আদালতে হাজির থাকবেন।

এদিকে অরফানেজ মামলার আরেক আসামি শরফুদ্দিন খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। তার আইনজীবী আহসান উল্লাহ তার পক্ষে যুক্তি তুলে ধরছেন। শুনানিতে তিনি বলেন, ‘হাওয়ার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি চলছে।’ এদিকে গতকাল বেলা সাড়ে ১১ টায় আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপার্সন। এরপরই এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিচার কার্যক্রম শেষে বেলা ৩টার দিকে তিনি আদালত ত্যাগ করেন।

ইত্তেফাক/নূহু