আদালতের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি চাইতে হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৫১

চট্টগ্রাম অফিস

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কেউ যদি রাজনৈতিক কারণে বন্দি হন তাহলে সেখানে আন্দোলনের বা সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করার ব্যাপার থাকে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাকে মুক্ত করতে হলে আইন-আদালতের মাধ্যমেই করতে হবে।

গতকাল শুক্রবার সকালে নগরীর টাইগারপাস নেভি কনভেনশন হলে লায়ন্স ক্লাবের ২২তম বার্ষিক কনভেনশনে প্রধান অতিথি হিসাবে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরের কথাগুলো বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি যে আন্দোলনের কথা বলছে তার কথা গত দশ বছর ধরে শুনছি। শীতের পর, গ্রীষ্মের পর , বর্ষার পর, বার্ষিক পরীক্ষার পর এ ধরনের বহু আন্দোলনের কথা শুনেছি। তাদের এ আন্দোলনের ডাক মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, নুসরাত হত্যার সুষ্ঠু বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি, এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ হত্যার বিচার নিশ্চিত হবে। এ ধরনের ঘটনার যেনো পুনরাবৃত্তি না হয় সেজন্য  সবাইকে সচেতন হতে হবে।