বাংলাদেশে আবারো ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৫২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আবারো ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এক থেকে পাঁচ সতর্কমাত্রার মধ্যে বাংলাদেশকে লেভেল-২ এ উন্নীত করেছে দেশটি। আর ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এর মাত্রা লেভেল-৩। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অপরাধ ও সন্ত্রাস বেড়ে যাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ঝুঁকি অনেক বেড়ে গেছে। রাজধানী ঢাকায় অপরাধের হার অনেক বেশি। বিশেষ করে রাতে এটি বেশি বৃদ্ধি পায়। শহরে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা, ধর্ষণের মতো অপরাধগুলোর সঙ্গে বিভিন্ন চক্র জড়িত। একইসঙ্গে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের মতো পাহাড়ি এলাকাও এখন বিপজ্জনক। সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে। বার্তায় আরো বলা হয়, রাজনৈতিক আন্দোলন, অবরোধ ও সহিংস সংঘাত ঘটেছে এবং ঘটতে পারে। পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যাবেন।

পররাষ্ট্র দফতরের বার্তায় আরো বলা হয়েছে, সহিংস অপরাধ, ডাকাতি, হামলা, ধর্ষণ অনেক বেড়ে গেছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে। তারা যে কোনো সময় পর্যটনপ্রিয় স্থান, বাস-ট্রেন স্টেশন, শপিংমল, রেস্টুরেন্ট, উপাসনালয় কিংবা সরকারি দফতরে হামলা চালাতে পারে। শহর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। প্রসঙ্গত, চলতি মাসেই ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।