নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস (৪৫) হত্যা মামলায় কাঁলাচান (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করা হয়েছে। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আজ বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। অপরদিকে এজাহারভুক্ত তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্তরা হচ্ছে, এমদাদুল হক, পুয়াদ খান এবং মো. ভাসানী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সনের ২ ডিসেম্বর প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস তার বাড়ি থেকে মোটর সাইকেল যোগে তার স্কুলের সহযোগী সাফিয়া সুলতানাকে নিয়ে সকাল পৌনে ১০টায় স্কুলে যাবার সময় বিদ্যালয়ের কাছে ছয়গাঁও নামক স্থানে পৌঁছুতেই মোটরসাইকেলের গতিপথ রোধ করেন কালাচাঁন। হাতে থাকা ধারালো দা দিয়ে কালাচাঁন অর্জুনের মাথায় আঘাত করেন। পর পর আরো কয়েকটি আঘাত করে কালাচাঁন পালিয়ে যান। অর্জুনকে মুমূর্ষু অবস্থায় বারহাট্টা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অর্জুনের স্ত্রী মায়া রানী বিশ্বাস চারজনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করলে পুলিশ কালাচাঁনকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সনের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন।সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মানবেন্দ্র বিশ্বাস এবং অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম।
ইত্তেফাক/এসএস
