আলজেরিয়ায় বিক্ষোভ থামছে না

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৫৩

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে অনড়

ইত্তেফাক ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় আগামী ৪ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল অষ্টম শুক্রবারের মতো রাস্তায় নামে বিক্ষুব্ধ মানুষ। তারা অন্তর্বর্তীকালীন সরকারে সবার পদত্যাগ দাবি করেছে। খবর রয়টার্সের

বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আব্দেলাজিজ বুতেফলিকা পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তার ২০ বছরের শাসনামলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আব্দেলকাদের বেনসালাহ এবং অন্যরাও সহযোগী হিসেবে ছিলেন। তারা সবাই দুর্নীতিগ্রস্ত বলে বিক্ষোভকারীদের দাবি। বিক্ষোভে মূলত তরুণদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। রাজধানী আলজিয়ার্সে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়। গত ২২ ফেব্রুয়ারি যে স্থানটিতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল সেখানেই গতকাল জড়ো হয় বিক্ষোভকারীরা। তাদের স্লোগান ছিল- ‘বেনসালাহকে না বলুন’। একটি ব্যানারে লেখা-‘আমরা সকল দুর্নীতিপরায়নদের শাস্তি চাই’। বুধবার সেনাপ্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত সব ক্ষমতাবানকে আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনী একটি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে।