‘তরুণ প্রজন্মের হাত ধরেই আসবে উন্নত বাংলাদেশ’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৪০

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আজকের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাদের হাত ধরেই উন্নত বাংলাদেশ আসবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-২০১৮’ শীর্ষক প্রচারাভিযানের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারাভিযান-২০১৮’ আয়োজন করে। অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত প্রায় ১২০০ শিক্ষার্থী গত ২০ থেকে ২৬ অক্টোবর তাদের নিজ নিজ এলাকায় এ প্রচারাভিযানে অংশ নেয়।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে ও মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, এখন মানুষ জ্ঞানী না হয়ে ধূর্ত হচ্ছে। মানুষের প্রতি ভালোবাসা না থাকলেও ভালোবাসার ভান করছে। এমন সামাজিক প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীরা সামাজিক সচেতনতামূলক কাজে এগিয়ে আসছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

সভাপতির বক্তব্যে একে আজাদ বলেন, একজন মানুষ স্বেচ্ছায় দরিদ্র হয় না । সমাজই তাকে দরিদ্র করে তোলে। পরবর্তীকালে দারিদ্র্যের কারণে সে নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাই তাদের ব্যাপারে আমাদেরও দায় আছে। আমরা চাই সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে। এ কাজকে এগিয়ে নিয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডুয়া’র সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোল্লা মোহাম্মদ আবু কাওছার, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার-উল-আলম চৌধুরী প্রমুখ।