স্পোর্টস রিপোর্টার
ফুটবল যাদুকর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আবারও বাংলাদেশে আসতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশে আর্জেন্টিনা দলকে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আলোচনা সফল হলে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও খেলবে। আর আর্জেন্টিনার আসা মানেই মেসির আসাও নিশ্চিত প্রায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী থাকবে নানা আয়োজন। এই সময়কে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার নতুন অনাবাসিক রাষ্ট্রদূত দানিয়েল চুবুরু সাক্ষাত্ করতে গেলে মুজিব বর্ষে মেসিকে পেতে সরকারের আকাঙ্ক্ষার কথা তাকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ২০২১ সালে পুরো আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় পেতে সরকার ?আগ্রহী।
বাংলাদেশের প্রস্তাবে আর্জেন্টিনার রাষ্ট্রদূত সম্মতি দিলেও আর্জেন্টিনা ফুটবল দলের আসার বিষয়টি চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনা বাংলাদেশে কোন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তা নিয়েও আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনার আসার উপর নির্ভর করছে মেসিরা কার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে যেভাবেই হোক আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে। সরকারের উদ্যোগ সফল হলে প্রায় এক দশক পর আবারো ঢাকার মাঠে দেখা যাবে মেসিকে। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে এসেছিল আর্জেন্টিনা দল। মেসিও ছিলেন ওই দলে। জয় নিয়ে ফিরেছিলেন মেসি, আগুয়েরা, হিগুয়েনরা।
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরবর্তী উপ-মহাপরিচালক পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় আর্জেন্টিনার সমর্থনও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, গত মার্চে আর্জেন্টিনা সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ মারসেলো ফ্যাউরির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এক আহ্বানের প্রেক্ষিতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণে সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
