প্রভাবশালী মহল খুনি ও ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে ----------------শরীফ নুরুল আম্বিয়া

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৫৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, প্রভাবশালী মহল নিজেরাই বিকৃত কার্যকলাপে জড়িত। আবার কখনো তারা ধর্ষক ও খুনিদের প্রশ্রয় দিচ্ছে। যার কারণে অপরাধীদের পক্ষে তাদেরকে মিছিল করতেও দেখা যায়। নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবু, জি এম রোস্তম খান, হুমায়ুন কবির প্রমুখ।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, নুসরাত প্রতিবাদ করেছিল বলে জীবন দিতে হয়েছে। প্রতিবাদী নুসরাতকে আমরা সম্মান করি। আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় নুসরাত এক সংগ্রামী কন্যা হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ-পরিস্থিতি বিশেষ নজরদারিতে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এহেন ঘৃণ্য ও নিন্দনীয় অপকর্মের সহযোগীদেরও কোনোরকম ছাড় দেওয়ার প্রশ্ন আসে না। আমরা নুসরাত হত্যার বিচার চাই।