ইত্তেফাক রিপোর্ট
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিটি ঘরে পৌঁছে দিতে পাঁচ হাজার শিশুর মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। গতকাল শুক্রবার বিকালে কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ এই কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগান নিয়ে শুক্রবার থেকে যাত্রা শুরু হলো এই শিশু কর্নারের। প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে এবং আসলেই বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাবে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিমের ব্যবস্থা রাখা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিকাল চারটায় বই বিতরণ কর্মসূচির কথা থাকলেও ২টা থেকে ঢাকার বিভিন্ন এলাকার অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকলেট বিতরণ করেন।
