স্পোর্টস রিপোর্টার
নুসরাত জাহান রাফির মৃত্যু নাড়িয়ে গেছে গোটা বাংলাদেশকে। জাতীয় পর্যায়ে ফেনী জেলার উজ্জ্বল প্রতিনিধি এখন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। দেশবাসীর মতো এই তরুণ অলরাউন্ডারও নিজ জেলার মেয়ে নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা কর্তৃক যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজী সিনিয়র ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুণ দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঁচদিন লড়াইয়ের পর গত ১০ এপ্রিল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নুসরাত।
গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি একাডেমি মাঠে এই প্রসঙ্গে সাংবাদিকদের সাইফউদ্দিন বলেছেন, ‘সত্যি কথা বলতে আসলে শোক প্রকাশ করার মতো ভাষা নাই। এটা খুবই মর্মান্তিক মৃত্যু। এরপর আবার আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সত্যি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিজের জেলায় এমন ঘটনায় আহতবোধ করছেন সাইফউদ্দিন। ফেনীর সবাইকেও প্রতিবাদে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই সত্যি বলতে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমরা সবাই জানি ফেনী অনেক শান্তিপ্রিয় একটা স্থান। এসব স্থানে অস্বাভাবিক কিছু হলে সত্যি খুব খারাপ লাগে। আর পাশাপাশি আমি ফেনীবাসীকেও বলবো সরকারের পক্ষে একা প্রতিবাদ করা সম্ভব নয়। আমরা সবাই যে যার স্থান থেকে প্রতিবাদ করলে ইনশাল্লাহ ভবিষ্যতে এসব ঘটনা আর হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমি।’
