সুদানে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১১:৪০
 
সুদানে এএফপি সাংবাদিক ও তার আরো দুই সহকর্মীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
 
বুধবার রাজপথে একটি বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় এএফপি’র এক সাংবাদিক ও তার দুই সহকর্মীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা খাদ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছিল।
 
বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর সাংবাদিক আব্দেলমোনিম আবু ইদ্রিস আলি ও আরো দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারা এ সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতারের পর তাদের আটক রাখা হয়েছে। তাদের সঙ্গে পরিবারের সদস্য কিংবা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।
কর্তৃপক্ষ জানায়, ‘তদন্তের স্বার্থে’ সুদানের ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস (এসআইএসএস) তাদের আটক করেছে।
 
এদিকে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নয়ের্ট বলেন, ‘আমরা তাদের আটকের বিষয়ে অবগত রয়েছি। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’
 
তিনি আরো বলেন, ‘আমরা সুদানে সাংবাদিকদের এই হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। তাদেরকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আটক করা হয়েছে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। মতপ্রকাশের স্বাধীনতা তাদের মৌলিক অধিকার।’
 

ইত্তেফাক/এএম।