জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লির নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।
জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লির নেতৃত্বে অপর চার সদস্যসহ একটি প্রতিনিধি দল উপজেলার নেচারপার্ক সংলগ্ন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের জীবন-যাত্রা ও মানবিক পরিস্থিতির ব্যাপারে খোঁজ-খবর নেন।
এরপর তিনি নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্প ও নব নির্মিত আনসার ক্যাম্প সংলগ্ন নয়াপাড়া রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। সেখানেও তিনি ঘুরে-ফিরে দেখে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় একদল রোহিঙ্গা ব্যানার নিয়ে স্বদেশে ফেরত যেতে পাঁচ দফা দাবি পেশ করেন। এই দলের একজন মোহাম্মদ রফিক (৩০) বলেন, মিয়ানমারে নির্যাতন বন্ধ করতে হবে, মিয়ানমারে কারাগারে থাকা রোহিঙ্গাদের মুক্তি দিতে হবে, নিজেদের পুরান বসত-ভিটায় থাকতে দিতে হবে, চাকরি ও ভোটাধিকারের ক্ষেত্রে নাগরিক সুযোগ-সুবিধা এবং স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালনের সুযোগ দিতে হবে। তাহলে আমরা ফিরে যেতে চাই।
এরপর বিকালে তিনি প্রতিনিধি দল নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের রইক্ষ্যংস্থ পুটিঁবনিয়া ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মরত এনজিও সমুহের কাজের মান পর্যবেক্ষণ করে সাধারণ রোহিঙ্গাদের মতামত গ্রহণসহ বিশেষ বৈঠক করেন। তিনি বিভিন্ন ক্যাম্প পরিদর্শনকালে মিয়ানমারে ফেরত যাবে কিনা এবং কোনো কোনো পদক্ষেপ নিলে তারা ফেরত যাবে সে বিষয়ে জানতে চান। এরপর সন্ধ্যায় তিনি কক্সবাজারের উদ্দেশ্য ক্যাম্প ত্যাগ করেন। এসময় আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন দাতা সংস্থার লোকসহ আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
