কুমিল্লা মুরাদনগরে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আন্দিকোট গ্রামের পশ্চিম পাড়া থেকে এ গাঁজা উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দিকোট এলাকায় মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এএসআই নুর নবী, আক্তার হোসেন, মিশন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত সাড়ে এগারটায় আন্দিকোট গ্রামের পশ্চিম পাড়া এলাকায় পৌঁছালে মাদক পাঁচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে চারটি গাঁজার বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে বস্তায় করা ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাঙ্গরা বাজার থানার এএসআই নুর নবী জানান, এই ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে সনাক্ত এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
