দিপার্তিভো লা করুনার বিপক্ষে গোলউৎসব করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে দিপোর্তিভো লা কারুনাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। শেষ দিকে জোড়া গোলে ফের নিজেকে ঝালিয়ে নিয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ের ফলে ভিলারিয়ালকে পেছনে রেখে পয়েন্ট টেবিলের শেষ চারে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। একইদিনে বার্সাও জয় পেয়েছে। তাই শীর্ষে থাকা কাতালানদের থেকে ১৯ পয়েন্টেই পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের আগে রোনালদো লিগে মাত্র চার গোলের মালিক ছিলেন। তবে পয়েন্ট টেবিলের তলানী থেকে তৃতীয় স্থানে থাকা দিপোর্তিভোর বিপেক্ষে দেয়া তার বিলম্বিত গোল গুলো ছিল চমকপ্রদ। তবে এই ম্যাচে করেছেন জোড়া গোল। প্রথম গোল করেন দারুণ এক ভলির সাহায্যে। আর দ্বিতীয় গোল করেছেন ডাইভিং হেডের সহায়তায়। রোনালদো ছাড়াও গতকাল একাধিক গোল করেছেন গ্যারেথ বেল ও নাচো। দুই অর্ধে একটি করে গোল করেছেন তারা। সবশেষ লিগ ম্যাচে দুটি হারের পর এই ম্যাচের ২৩ মিনিটে দিপোর্তিভোর আদ্রিয়ান লোপেজের সূচনা গোলে পিছিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল রিয়াল। তবে ৩২ মিনিটে নাচোর গোলে সমতায় ফিরে জিনেদিন জিদানের শিষ্যরা।
৪২ মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করতে গিয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি বক্সে পড়ে যাওয়ার পর বল খুঁজে নেন গ্যারেথ বেল। তার বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে এগিয়ে যায় রিয়াল (২-১)। আবারো ৫৮ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে দারুণ এক হেডে দলকে ৩-১ ব্যবধান পৌঁছে দেন ওয়েলস সুপারস্টার। এরপর শুধু এগিয়েই গেছে জিদানের শিষ্যরা। ১০ মিনিট পর মডরিচের গোলে ব্যবধান পৌঁছে যায় ৪-১ গোলে। ম্যাচের ৭৮ মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। এরপর ৮৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে তার ক্রসে হেড করে দ্বিতীয় গোল পান তিনি। এদিন দলের হয়ে প্রথম গোল করা নাচো ৮৮ মিনিটে ফের গোল করলে ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
খেলা শেষে রিয়ালের ফরাসি কোচ জিদান বলেন, ‘এটি আমাদের প্রয়োজন ছিল। আমরা ছন্দ হারানোর পর ৭ গোলের জয়টি ছিল অসাধারণ। এটি অবশ্যই তৃপ্তিদায়ক। যা আমাদের কিছুটা চাপমুক্তও করেছে।’
ইত্তেফাক/কেআই
