বিজয়ের বিদায়ের পর সাকিব-তামিমের লড়াই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৪:১১
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। রানের খাতা খুলতেই তৃতীয় ওভারে জার্ভিসের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। এরপর তামিমের সঙ্গী হন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ‍দ্বিতীয় উইকেট জুটিতে অর্ধশত রান পূরণ করেছেন তারা। 
 
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। ১২ ওভারের খেলা শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে এক উইকেটে ৫৬ রান।  
 
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে মাশরাফির দল। ফিরতি পর্বে আজ নিজেদের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামলো বাংলাদেশ। আগের ২ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। অপরদিকে, ৩টি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট রয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার। রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে জিম্বাবুয়ে। 
 
ইত্তেফাক/কেআই