বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসাবে ঢেলে সাজানো হবে।
আজ মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় মোটেল শৈবাল হস্তান্তর বিষয়ে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
শাহজাহান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করা হয়েছে। রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশের পর্যটন শিল্পের আমুল পরিবর্তন হবে।
তিনি বলেন, এলাকার মানুষের স্বার্থ বিবেচনা করেই উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কারণে জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, কক্সবাজারে পর্যটন মোটেল শৈবাল সহ সংলগ্ন ১৩৫ একর ভূমি বেসরকারি কোম্পানির হাতে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় লোকজনের মতামতকে প্রধান্য দেয়া হবে।
ইত্তেফাক/কেকে
