রোহিঙ্গা ইস্যুতে সংসদ সচিবালয়ে গোলটেবিল বৈঠক

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২১:২১
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন এশিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইট (এপিএইচআর) এর প্রতিনিধি দল। তারা জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা দ্রুত যাতে সমাধান হয় সেজন্য তারা প্রত্যেকেই নিজ দেশের সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করার উদ্যোগ নেবে।
 
মঙ্গলবার সংসদ সচিবালয়ে ঢাকায় সফররত প্রতিনিধি দলটির অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গোল টেবিল বৈঠক করেন। 
 
বাংলাদেশ প্রতিনিধি দলে সংসদ সদস্য ডা. দীপু মনি, এবি তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, আব্দুল মান্নান, এবং নাহিম রাজ্জাক অংশ নেন। এসময়  ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা প্রায় ১ মিলিয়ন রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন। জনসংখ্যার অধিক ঘনত্বের বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ এদেশের পরিবেশ এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশের  প্রধানমন্ত্রী এ সমস্ত রোহিঙ্গাদের আশ্রয়, খাবার এবং নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে নিজ বাসভূমিতে ফিরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহন করলেও তার অগ্রগতি সন্তোষজনক নয়। তাই আন্তর্জাতিক বিশ্বের উচিত মিয়ানমার সরকারের উপর চাপ বৃদ্ধি করা যাতে তারা দ্রুত রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমার সরকারের উপর চাপ বৃদ্ধি করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে বলে বাংলাদেশের প্রতিনিধিদল মনে করে। 
 
বৈঠকে প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। এপিএইচআর প্রতিনিধি দলে ছিলেন-ইন্দোনেশিয়ার এমপি ইভা কুসুমা সানদারি,মালয়েশিয়ার এমপি চার্লেস সান্তিয়াগো, সিঙ্গাপুরের এমপি লুইস এনজি, থাইল্যান্ডের সাবেক এমপি রাচাদা ধানাডাইরড ও মালয়েশিয়ার এমপি মিসেস লিনা মুক্তি। 
 
ইত্তেফাক/এমআই