ধনী ক্লাবের তালিকায় শীর্ষেই ম্যানইউ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০৯:৫০
ফুটবলে বিশ্বের সবচাইতে ধনী ২০টি ক্লাবের শীর্ষে জায়গা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দ্বিতীয় ও সবমিলিয়ে ১০ম বারের মতো এ অবস্থান ধরে রাখলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ডেলোইয়েট এ তথ্য জানায়। রাজস্ব আয়ের বিবেচনায় এ তালিকাটি করা হয়ে থাকলেও এতে দেনার পরিমাণ ধরা হয় না।
 
প্রকাশিত তালিকায় ২০১৬-১৭ মৌসুমে এই ২০ ক্লাবের আয় ৬ শতাংশ বেড়েছে যা নতুন রেকর্ড। ‘ফুটবল মানি লিগ’ নামে পরিচিত এ তালিকায় ক্লাবগুলোর রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭.৯ বিলিয়ন ইউরো বা ৬.৯৭ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ হাজার ২০০ কোটি টাকা (১ডলার=৮০টাকা হিসেবে)।
 
রিয়াল মাদ্রিদ যারা ১১ বছর শীর্ষস্থান ধরে রেখেছিল বর্তমান তালিকায় আছে দ্বিতীয় স্থানে। বার্সেলোনার অবস্থান তৃতীয়। মজার ব্যাপার হলো শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ১০টিই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের। তবে এ বছর শীর্ষ দুটি স্থানের মধ্যে তফাৎ সামান্যই। ম্যানইউ কেবল ১.৭ মিলিয়ন ইউরো বেশি আয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রাখে।
 
ম্যানচেস্টার ইউনাইটেড মুলত আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগ জয়ের সুবাদে পাওয়া ৪৪.৫ মিলিয়ন ইউরোর সুবাদে এগিয়ে যায়। তারা সব মিলিয়ে আয় করে ৬৭৬ মিলিয়ন ইউরো। হিসাবরক্ষণ প্রতিষ্ঠান ডেলোইটের মতে, এই পরিমাণ অর্থই রিয়াল ও বার্সেলোনার সাথে তফাৎ গড়ে দেয় ম্যানইউকে।
 
বায়ার্ন মিউনিখ ও ম্যানচেষ্টার সিটি এ তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আছে। গত বছরের তালিকাতেও তারা এই অবস্থানে ছিল। এরপর ছয় থেকে দশের মধ্যে আছে আর্সেনাল, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), চেলসি, লিভারপুল ও জুভেন্টাস। প্রিমিয়ার লিগের অপর দলগুলোর মধ্যে টটেনহ্যাম ১১তম, লেস্টার সিটি ১৪তম, ওয়েস্ট হ্যাম ১৭তম, সাউদাম্পটন ১৮তম ও এভার্টন ২০তম স্থান পায়।
 
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্য থেকেই এসেছে শীর্ষ ২০ ক্লাব। এর মধ্যে ইতালি, জার্মানি ও স্পেন থেকে এসেছে তিনটি করে ক্লাব। ফ্রান্সের আছে একটি ক্লাব। এদিকে ইতালির এক সময়ের সাড়া জাগানো ক্লাব এসি মিলান প্রথমবারের মতো ডেলোইটের শীর্ষ ২০ থেকে ছিটকে গেল। সাউদাম্পটন এলো প্রথমবারের মতো।
 
তালিকায় শীর্ষ ১০ ক্লাব
 
১.      ম্যানচেস্টার ইউনাইটেড                        ৬৭৬.৩ মিলিয়ন ইউরো
 
২.      রিয়াল মাদ্রিদ                                  ৬৭৪.৬ মিলিয়ন ইউরো
 
৩.      বার্সেলোনা                                    ৬৪৮.৩ মিলিয়ন ইউরো
 
৪.      বায়ার্ন মিউনিখ                                ৫৮৭.৮ মিলিয়ন ইউরো
 
৫.      ম্যানচেষ্টার সিটি                               ৫২৭.৭ মিলিয়ন ইউরো
 
৬.      আর্সেনাল                                     ৪৮৭.৬ মিলিয়ন ইউরো
 
৭.      পিএসজি                                      ৪৮৬.২ মিলিয়ন ইউরো
 
৮.      চেলসি                                       ৪২৮ মিলিয়ন ইউরো
 
৯.      লিভারপুল                                    ৪২৪.২ মিলিয়ন ইউরো
 
১০.    জুভেন্টাস                                     ৪০৫.৭ মিলিয়ন ইউরো
 
ইত্তেফাক/কেআই