রাষ্ট্র বিরোধী প্রচারণার দায়ে ভিয়েতনামে ৪ জনের কারাদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫
রাষ্ট্র বিরোধী প্রচারণার অপরাধে ভিয়েতনামে ৪ বুদ্ধিস্ট কর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সরকারী সংবাদমাধ্যম এ খবর প্রচার করে। অভিযুক্তরা দক্ষিণাঞ্চলের পরাজিত শাসনামলের পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের সঙ্গে ওই শাসনামলের সম্পর্ক তীব্র বিদ্বেষমূলক। খবর এএফপি’র।
 
ভিয়েতনামে ক্ষমতাসীন একদলীয় কমিউনিস্ট পার্টির সরকার ২০১৬ সাল থেকে দেশটির ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু করে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, কেবলমাত্র গত বছর দেশটিতে ২৪ জন ভিন্নমতাবলম্বীকে কারাদণ্ড এবং ২৮ জন কে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির হোয়া হোয়া বুদ্ধিস্ট সম্প্রদায়ের দণ্ডপ্রাপ্ত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিগত ৩০ এপ্রিল, ২০১৬ সালে দেশটির স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র সমর্থিত সাবেক দক্ষিণ ভিয়েতনামের শাসনামলের নিষিদ্ধ ঘোষিত হলুদ ও লাল পতাকা উত্তোলন করেছিলো।
 
একদিনের বিচারে ভোওয়াং টা (৪৯) কে গত মঙ্গলবার ১২ বছরের এবং তার ছেলেকে সাত বছরের ও দুই ভাইকে ছয় বছর করে কারাদণ্ড দেয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে বলেছে, দেশটির শতাধিক ভিন্ন মতাদর্শীকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ভিয়েতনাম সরকার এইসব অভিযোগ অস্বীকার করেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু