চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এতে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীসহ আটজন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসলে ছাত্রলীগের একাংশ তাদের উপর হামলা করে। এতে ছাত্র ফন্টের আহ্বায়ক ফজলে রাব্বী, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি সৈয়দ আইরিন সুলতানা, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সায়মা আক্তার মিশু, ছাত্রফন্টের কর্মী রিজো সহ আট নেতাকর্মী আহত হন। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক এম ডি ফারুকের অনুসারী।
ছাত্রফেডারেশনের সভাপতি হাসান কামরুল অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে চাকসুর সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। সেই সময় ছাত্রলীগের ৪০-৫০ জন কর্মী আমদের উপর হামলা চালায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালযের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলার প্রতিবাদে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীরা যদি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করে তাহলে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
