ফুল চাষিদের ৪ শতাংশ সুদে ঋণ দিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯
সারাদেশে ফুল চাষকে অফসল ধরে চাষিরা তেল, ডাল ও মসলার ন্যায় ব্যাংক থেকে ৪ শতাংশ হারে সুদে ঋণ পাবেন কি না এমন প্রশ্ন করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। 
 
বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 
 
এমপি মনির বলেন, আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছার গদখালি যাকে বলা হয় ফুলের রাজধানী। বাংলাদেশের ৮৫ ভাগ ফুল উৎপাদন সেখানে হয়। আমাদের দেশের অফসল প্রধান যে ফসলগুলো তেল, ডাল, মসলাতে ব্যাংক ৪ শতাংশ সুদে ঋণ দেয়। কিন্তু ফুলের ঋণের সুদের হার ১০ থেকে ১২ শতাংশ। সেখানে এনজিওগুলো এমনভাবে বিস্তার লাভ করেছে তাদেরকে সুদ দিতে হয় ৩০-৩৫ শতাংশ পর্যন্ত। 
 
তিনি বলেন, ‘আমার প্রশ্ন এই যে প্রান্তিক চাষিরা যারা দেশের ৮৫% চাহিদা মেটায় তাদের এই ফুল চাষকে অফসল ধরে তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবে কি না?’
এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। যিনি কিছুক্ষণ আগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকার কথা বলেছেন। কিন্তু জামায়াত-বিএনপির আমলে ২০০৫-০৬ সালের বাজেটের আকার ছিল ৬১ হাজার ৫৮ কোটি টাকা। এ থেকেই বোঝা যায় জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন।’