খুলনার রাষ্ট্রায়ত্ত ৬টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। প্রায় একমাস পর মজুরি প্রদানের আশ্বাসের ভিত্তিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। বুধবার সন্ধ্যায় খুলনার যুগ্ম শ্রম পরিচালকের দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে পাটকল শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবেন। আগামী রবিবার তাদের আংশিক মজুরি প্রদান করা হবে। দীর্ঘ আলোচনা শেষে পাটকলগুলোর প্রকল্প প্রধানরা আগামী রবিবার মজুরি পরিশোধের আশ্বাস দেন।
তারা জানান, আগামী রবিবার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুবিলি জুট মিলে ৩ সপ্তাহের, আলিম জুট মিলে ১ সপ্তাহের এবং স্টার, ইস্টার্ন ও জেজেআই জুট মিলে ২ সপ্তাহের বকেয়া মজুরি প্রদান করা হবে। পর্যায়ক্রমে বকেয়া সব মজুরি প্রদান করা হবে বলে আশ্বাস দেন তারা। এর পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারে রাজি হন।
শ্রমিক নেতারা জানান, বৈঠকে তারা সাম্প্রতিক আন্দোলন নিয়ে কোনো শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা কোনো ধরনের ব্যবস্থা নেয়া যাবে না বলে দাবি জানান। মিল কর্তৃপক্ষ তাতে সম্মতি দেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক খলিলুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন।
বৈঠকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বিজেএমসি আঞ্চলিক সমন্বয়কারী গাজী শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুগ্ম শ্রম পরিচালক, ৬টি পাটকলের প্রকল্প প্রধান এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বকেয়া মজুরি পাওনার দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম, দৌলতপুর, খালিশপুর ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ করে দেয়। তবে ১৮ জানুয়ারি থেকে আংশিক মজুরি পাওয়ায় দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন।
ইত্তেফাক/আরকেজি
