দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার পথে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের ২৮৫/১০ নম্বর সাব-সীমানা পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাওন হোসেন (২০) যশোর জেলার শার্শা উপজেলার বুরুজ বাজার এলাকার মোসলেম উদ্দীনের ছেলে।
বিজিবি'র হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির হোসেন জানান, গত ১৫/২০দিন আগে শাওন অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর সে কলকাতার একটি হোটেলে কাজ নেয়। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১০নং সাব-সীমানা পিলারের পাশদিয়ে দৌড়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
