ভোলার দক্ষিণ আইচা থানার পর্যটনদ্বীপ কুকরী-মুকরী ইকোপার্কের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার সকালে দ্বীপকন্যা খ্যাত কুকরী-মুকরীতে ইকো-পার্কের উদ্বোধন শেষে রাষ্ট্রপতি বলেন, 'বর্তমান বিশ্বে পর্যটন শিল্প ব্যাপক প্রসার লাভ করেছে। প্রাকৃতিকভাবে চর কুকরী মুকরী খুবই সুন্দর। সবুজ জালের মতো ছড়িয়ে থাকা ম্যানগ্রোভ বাগান, সাগরের ঢেউ আছড়ে পড়া বিস্তৃত সৈকত, নানান প্রজাতির বন্যপ্রাণীর কিচির-মিচির, শীতের অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে এই দ্বীপাঞ্চল।'
রাষ্ট্রপতি বলেন, 'আমি মনেকরি ভ্রমণপিপাসু পর্যটকদের আকর্ষণ করে এই দ্বীপ। কুকুরী-মুকরী ইকো-পার্কের উদ্বোধন সাগরপাড়ের পর্যটনক্ষেত্রে নতুন গন্তব্যের সূচনা করল। রাষ্ট্রীয়ভাবে পর্যটন কেন্দ্র উন্নয়নে যে পদক্ষেপ নেয়া হয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে এ এলাকার উন্নয়ন আরো গতিশীল হবে এবং জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে।'
'সরকারের পাশাপাশি বেসরকারি খাতও পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারে' বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'পর্যটন শিল্পে আমাদের দেশে অপার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলোতে এ খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার। চর কুকরী মুকরীতে পর্যটন কেন্দ্র ও ইকোপার্কের উদ্যোগ গ্রহণ করে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।' এরপর রাষ্ট্রপতি চর কুকরী মুকরী বন গবেষণা কেন্দ্র কাম রেস্টহাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং চর কুকরী মুকরী ৬ হাজার পরিবারের প্রত্যেক পরিবারের জন্য ১টি করে কম্বল বিতরণ কাজেরও উদ্বোধন করেন।
IMG0
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ভোলা জেলা সদর থেকে ১শ' ৭০ কিলোমিটার এবং চরফ্যাশন উপজেলা সদর থেকে প্রায় ১শ' কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কুলঘেঁষে সাগরকন্যা কুকরী-মুকরী পর্যটনদ্বীপের অবস্থান। প্রায় ২০ বর্গ কিমি আয়তনের ম্যানগ্রোভ বাগানসহ ৪০বর্গ কিমি আয়তনের কুকরী-মুকরী একটি ইউনিয়ন।' তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সনের ১৩ ডিসেম্বর কুকরী-মুকরী সফর করেন এবং কুকরী-মুকরীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দ্বীপটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। জাতির জনকের স্বপ্নের পর্যটন কেন্দ্র গড়ে তোলার সেই সুদূর প্রসারী চিন্তার ধারাবাহিকতায় আমি চর কুকরী মুকরী পর্যটন কেন্দ্র, ইকোপার্ক, বন গবেষণা কেন্দ্র কাম রেস্টহাউজ, বেড়িবাঁধ নির্মাণ, ৩০ কিলোমিটার রাস্তা পাকা করণসহ পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। আজ রাষ্ট্রপতির উদ্বোধনের মধ্য দিয়ে জাতির জনকের স্বপ্নের কুকরী মুকরী পর্যটন কেন্দ্রের যাত্রা শুরু হলো।'
ইত্তেফাক/এসএস
