কোর্টে মামলা সত্ত্বেও আইপিএল এর নিলামে সর্বাধিক চাহিদা স্টোকসের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:০২
অনাকাঙ্খিত ঘটনায় কোর্টে মামলা দাখিল হলেও ভারতীয় প্রিমিয়ার লীগের আসন্ন নিলামে সবচেয়ে দামী বিদেশী খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের বেন স্টোকসের চাহিদাই সর্বাধিক হিসেবে বিবেচিত হচ্ছে। 
 
গত বছরও রাইজিং পুনে সুপারস্টার্সে রেকর্ড ২.১৬ মিলিয়ন মার্কিন ডলারে খেলেছেন স্টোকস। এবারের নিলামে দেশী ও বিদেশী মিলিয়ে যে ১৬ জন মারকুই খেলোয়াড় মনোনীত করা হয়েছে তার মধ্যে স্টোকস অন্যতম। আগামী শনিবার ব্যাঙ্গালুরুতে শুরু হবে দু’দিনব্যাপী এবারের আইপিএল আসরের আকর্ষণীয় নিলাম। এই নিলামে স্টোকসের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩ লাখ ১২ হাজার পাঁচশত মার্কিন ডলার। গত বছর পুনের হয়ে শক্তিশালী ও আগ্রাসী এই অল রাউন্ডার ১২ ম্যাচে সর্বোচ্চ ৩১৬ রান সংগ্রহ করেছিলেন। সাথে নিয়েছিলেন ১২ উইকেট। পারফরমেন্সের ভিত্তিতে সর্বোচ্চ মূল্যের বিদেশী খেলোয়াড় হিসেবে তার চাহিদাটা অনুমেয়। 
 
ইংল্যান্ডের একটি নাইটক্লাবে মারামারির ঘটনায় সদ্য সমাপ্ত এ্যাশেজ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ২৬ বছর বয়সী স্টোকসকে আইপিএল এ খেলতে ছাড়পত্র দেয়। পরবর্তীতে এই ঘটনায় কোর্টে মামলা হলে তা নিয়ে কিছুটা বিচলিত হয়ে পড়ে ইসিবি। মামলার কারণে টুর্নামেন্ট চলাকালীন স্টোকস যদি কোন কারণে কোন ম্যাচে অনুপস্থিত থাকেন তবে ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে ছাড় দেবারও অনুমতি মিলেছে। 
 
দিল্লী ডেয়ারডেভিলসের প্রধান নির্বাহী হেমন্ত দুয়া বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ইতোমধ্যেই স্টোকসের আইনজীবি জানিয়েছেন ৪ এপ্রিল থেকে ৩১ মে আইপিএল চলাকালীন সময় স্টোকস ভারতে থাকতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মত স্টোকসকে আদালতে হাজিরা দিতে হবে। 
 
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও লোভনীয় টি২০ টুর্নামেন্ট হিসেবে খ্যাত আইপিএল’এ স্টোকস ছাড়াও ইংলিশ অধিনায়ক জো রুট, ওয়েস্ট ইন্ডিজের মাস্টার ব্লাস্টার ক্রিস গেইল ও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসও সকলের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলে রাখা নিশ্চিত করায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ইতোমধ্যেই ২.৭ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরেছে। এছাড়া নিজ নিজ দল ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এজন্য প্রত্যেকেই পাচ্ছে ১.৯ মিলিয়ন মার্কিন ডলার করে। এর মাধ্যমে এ পর্যন্ত চলতি বছরে তারাই সর্বোচ্চ মূল্যের বিদেশী খেলোয়াড় হিসেবে নিজেকে ধরে রেখেছেন। 
 
কিন্তু আইপিএল’র একাদশতম আসরে খেলোয়াড়দের মূল্য যে আকাশ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। ইতোমধ্যেই প্রতিটি দলের জন্য ওয়েজ ক্যাপ ১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এ সম্পর্কে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, ইতোমধ্যেই আটটি ফ্র্যাঞ্চাইজিকে ইঙ্গিত দেয়া হয়েছে তাদের খেলোয়াড়দের জন্য তারা কি পরিমান অর্থ ব্যয় করবে।
 
এবারের আসরে কোন দল যদি তাদের আগের খেলোয়াড়দের দলে ধরে রাখতে চায় তবে রাইট টু ম্যাচ (আরটিএম) নামে একটি নতুন প্রক্রিয়া চালু করা হয়েছে। গেইলকে ধরে রাখতে ব্যাঙ্গালুরু থেকে কোন ঘোষনা আসেনি। কিন্তু আরটিএম আইনে তিনি আবারো ব্যাঙ্গালুরুতে ফিরে আসতে পারেন। 
 
ইত্তেফাক/ রেজা