বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৩
 
বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কার্পাস জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
 
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, বাংলাদেশে পণ্য রফতানি করার জন্য আগে তারা নিজেরা কাস্টমস অফিসারে মাধ্যমে মেনিফেস্ট তৈরি করার পর কার্পাস (গেট পাস) তৈরি করে পণ্য রফতানি করতো। হঠাৎ বৃহস্পতিবার কাস্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন যে তারা নিজেরা কার্পাস তৈরি করে রফতানি পণ্য বাংলাদেশে ঢোকাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টি হচ্ছে। রফতানি পণ্যের কোন কাগজ পত্র না পাওয়ায় সকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ কোন কার্পাস ইস্যু করতে পারেনি। যার কারণে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে।
 
এ ব্যপারে বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার জানান, ভারতে কার্পাস জটিলতার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। 
আমদানি রফতানি বন্ধ থাকার কারণে দু-দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানি মুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল উঠা-নামাসহ সকল কার্যক্রম সচল সহ দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি