প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ে তদন্তকারী প্রধান কর্মকর্তা প্রসিকিউটর রবার্ট মুলারের অধীনে তদন্ত কমিটির কাছে জিজ্ঞাসাবাদে অংশ নিতে তিনি আগ্রহী। তিনি শপথ করেই তার বক্তব্য উপস্থাপন করবেন। সামনের সপ্তাহগুলোতে এটা হতে পারে। ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে মুলারের এ বিষয়ে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ছিল কিনা তা নিয়ে গঠিত তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন মুলার। ট্রাম্প প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে তদন্ত ঠেকাতে চেয়েছেন বলে যে অভিযোগ রয়েছে তাও খতিয়ে দেখা হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সানন্দেই এটা করব।’ তিনি আরো বলেন, ‘আমার আইনজীবীদের মতামত নিয়ে যত দ্রুত সম্ভব আমি তদন্ত কমিটির মুখোমুখি হতে চাই। অবশ্যই আমি শপথ করেই যা বলার বলবো।’
তদন্তকারী দলের সঙ্গে এই সাক্ষাতকারের দিনক্ষণ সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প জানান, ঠিক কবে এই সাক্ষাতকার হবে সে ব্যাপারে তিনি অবগত নন। তিনি বলেন, ‘গতকাল তারা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা হতে পারে বলে জানিয়েছেন।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
