সমর্থকদের ভালবাসায় মুগ্ধ কুটিনহো

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১১:৩৩
রেকর্ড মূল্যে লিভারপুল থেকে পাড়ি জমানো ব্রাজিলিয়ান তারকা কুটিনহোর বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে। বৃহস্পতিবার রাতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এস্পানিয়লের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে খেলার ৬৮ মিনিটে নামানো হয় আন্দ্রেস ইনিয়েস্তার পরিবর্তে। 
 
ন্যু ক্যাম্পে ২৫ বছর বয়সী এই উইঙ্গার যখন মাঠে নামেন তখন সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। বার্সার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামা কুটিনহো বলেন, ‘এটা আমার জন্য ছিল দারুণ এক রাত। কারণ এটা ক্লাবে আমার প্রথম প্রহর। সমর্থকরা আমাকে যে অভিবাদন জানিয়েছে তাতে আমি খুবই রোমাঞ্চিত। আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে সমর্থকদের এই অভিভাদন আমার কাজকে সহজ করে দিয়েছে।’ 
 
এদিকে বার্সাতে খেলা সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোও কুটিনহোকে টুইট বার্তায় শুভ কামনা জানিয়েছেন। আগামী রবিবার লা লিগায় অভিষেক হতে পারে কুটিনহোর। তবে কোপা দেল রে’তে যেই ম্যাচে খেলেছেন নবাগত এই ব্রাজিলিয়ান সেই ম্যাচ জিতে বার্সা শেষ চার নিশ্চিত করেছে। 
 
ইত্তেফাক/কেআই