নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ কারণে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে একযোগে নৌকার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে ২০২১ সালে মধ্য আয়ের দেশ ও ২০৪১ উন্নতমানের দেশে পরিণত হবে। '৭১ সালের খুনি ধর্ষণকারী রাজাকার আর '৭৫ সালের খুনি-পাপীদের জিয়াউর রহমান সরকারে এনেছিলেন। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সেসব পাপীদের বিদায় করেছে। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে পাপ মোচন করেছে বলে আজ দেশের উন্নয়ন হচ্ছে।
আজ শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে মহাজন পট্রি সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। পুরাতন লঞ্চঘাটে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোতালেব মিয়ার সভাপতিতে এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, 'খালেদা আর জিয়াউর রহমান মিলে ১৬ বছর ক্ষমতায় ছিলেন, তারা এদেশের কি উন্নয়ন করেছে? জিয়া আর খালেদার আমলে শুধু লুটপাট ছাড়া আর কিছুই হয়নি। তারা তাদের নিজের উন্নয়ন করেছে। আর শেখ হাসিনার ৯ বছরের শাসন আমলে সারা দেশে ব্যাপক পরিমাণ উন্নয়ন হয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে।'
নৌ-মন্ত্রী বলেন, 'শেখ হাসিনার আমলে নজরকাড়া উন্নয়ন হলেও বেগম জিয়ার চোখে ছানি পড়ায় তিনি সে উন্নয়ন দেখতে পাননি। বিদেশ থেকে ছানি অপারেশন করে আসার পর খালেদা জিয়া এখন আর উন্নয়ন নিয়ে কোন কথা বলেন না। তিনি (বেগম জিয়া) এখন বলেন দেশের টেকসই উন্নয়ন করতে হলে গণতান্ত্রিক সুসংহত করতে হবে। বিএনপি গণতন্ত্র বুঝলে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারতেন না। খালেদা জিয়া আন্দোলনের নামে এদেশের নিরীহ বাস চালক হেলপার, পথচারী, শ্রমিক ও যাত্রীদের পেট্রোল বোমা মেরে খুন করেছে। আগামীতে এদেশের বোমা হামলাকারীদের ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।'
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান ও আবদুস সালাম মাস্টার। এ সময় মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
