নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কলেজের গভর্নিং বডির সভাপতি এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কলেজের পরিচালক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান।
আইজিপি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্যারেড ও মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই
