ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অগ্নিশর্মা হয়ে ওঠা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাত্র ৯ বলে দুটি চার ও তিনটি ছক্কার মারে ২৮ রান করেন তিনি।
এর আগে ইনিংসের তৃতীয় ওভারে দানুস্কা গুলনাতিলকার উইকেট তুলে ওপেনিং জুটি ভেঙেছিলেন মিরাজ। সেই মিরাজের পরবর্তী ওভারেই ২৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। তবে বল নিয়ে আসা মাশরাফির বলেও একইভাবে মারতে গিয়ে শেষ পর্যন্ত তামিমের হাতে ধরা পড়েন তিনি। তাই সাত ওভার শেষে শ্রীলঙ্কার রান দুই উইকেটে ৪৭।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শনিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। যেখানে তিনটি দলের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের এই ফাইনাল ম্যাচে জিততে পারলে এটিই হবে বাংলাদেশের কোনো বহুজাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা।
ইত্তেফাক/কেআই
