কুমিল্লার চান্দিনায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করার পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মহসিন উপজেলার খিরাসার-মোহনপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। তিনি বরকইট ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার।
চান্দিনা থানায় দায়ের করা স্কুলছাত্রীর পিতার অভিযোগে জানা যায়, তার মেয়ে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২৩ জানুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ইউপি মেম্বার মহসিন তাকে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী তার মোটরসাইকেলে না উঠায় তাকে চর-থাপ্পর মারতে শুরু করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অভিযোগ গ্রহণ করে ইউপি মেম্বার মহসিনকে আটক করার পর আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
