‘কিডনি চাই’ লেখা একটি টি-শার্ট যুক্তরাষ্ট্রের পাঁচ সন্তানের এক পিতাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এর আগে বেপরোয়া হয়ে তার টি-শার্টে ‘কিডনি চাই’ বলে আবেদন জানিয়েছিলেন তিনি। তারপরই নিউ ইয়র্কে একটি হাসপাতালে তার শরীরে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে ওই পিতার জীবন বাঁচানো সম্ভব হয়েছে।
IMG0
তার পরনের টি-শার্টটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রয়োজনীয় কিডনিটি তিনি পেয়ে যান। ওই পিতার নাম রবার্ট লেবোইৎস। থাকেন নিউ জার্সিতে। চার বছর ধরে একজন কিডনিদাতার জন্যে অপেক্ষা করছিলেন তিনি। হাসপাতাল বা অন্য কোনো জায়গা থেকে বহু চেষ্টা করেও তার সঙ্গে ম্যাচ করে এরকম একটি কিডনি সংগ্রহ করা সম্ভব হচ্ছিলো না। তখন তিনি বিষয়টি নিজের হাতেই তুলে নেন।
IMG1
তখন একটি টি-শার্টের পেছনে ও সামনের দিকে একটি শ্লোগান ছাপেন- ‘একটি কিডনি প্রয়োজন।’ তার নিচে নিজের টেলিফোন নম্বরও লিখে দেন তিনি। তারপরেই বদলে যায় সবকিছু। গত সপ্তাহে তার শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এখন কিডনি-গ্রহীতা লেবোইৎস এবং কিডনি-দাতা রিচি সালি তাদের নিজ নিজ বাড়িতে সেরে উঠছেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু
