স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপির কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সহ্য করা হবে না।
আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-বিশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, আদালতে কারো সাজা হলে সংক্ষুদ্ধ ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু রায় নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে তা সহ্য করা হবে না।
এ সময় তিনি এ মামলার রায় নিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্কিত ঘটনা সম্পকে সচেতন থাকার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে যেমন কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই তেমনি কোনো সংশয়ও নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাসিম আরো বলেন, আর এ নির্বাচনে জনগণ যে রায় দিবে আওয়ামী লীগসহ ১৪ দল তা মেনে নেবে।
ইত্তেফাক/কেকে
