নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর আইন-শৃঙ্খলা বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈঠকের পর ২১ জন বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী একজনকে গ্রেফতার করা হয়েছে। মনে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর অধীনেই নির্বাচন কমিশন। গতকাল শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত চিঠিতে এসব কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব।গত ২২ নভেম্বর কমিশনের সাথে আইন-শৃঙ্খলা কমিটির সভায় নির্দেশনা দেওয়ার পরও উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, মামলা দায়ের ও কমিশনকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিএনপির। যশোর-৩ আসন থেকে বিএনপির মনোয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি আবুবক্কর আবুর মৃত্যুতে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে বলেও সিইসি বরাবর দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ও গত ২২ নভেম্বরের সভা শেষে আরো বেপরোয়া হয়ে উঠছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তফসিল ঘোষণার পর থেকে কমিশনের অধীনে কাজ করার কথা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীই কমিশনকে নিয়ন্ত্রণ করছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হয়রানি, মিথ্যা মামলা দেওয়া, বাড়ি বাড়ি তল্লাশি, বাড়ি ছাড়তে ভয়ভীতি দেখানোর মতো ন্যক্কারজনক কাজ করছে বলে চিঠিতে অভিযোগ করেন তিনি। অথচ গত ২২ নভেম্বরের সভা শেষে জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়। মির্জা ফখরুল বলেন, নির্দেশনার পর থেকে পুলিশ আরো বেপরোয়া হয়ে উঠছে। সারা দেশে একের পর এক গ্রেফতার অব্যাহত রেখেছে ও মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। ২২ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত ২১ জন বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী একজনকে গ্রেফতারের কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব। পাশাপাশি সারা দেশে আরও ধরপাকড় চলছে। কিশোরগঞ্জে দুইটি মিথ্যা মামলা করা হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। এসব মামলার এজাহারে ১৪৬ জনকে আসামি ও অজ্ঞাত আরো ৪৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনের নাম ও দুইটি মামলার তথ্য সংযুক্ত করে চিঠিটি নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।
এর আগে, তিনটি তালিকায় দেওয়া বিভিন্ন গায়েবি মামলায় আটক বিএনপি নেতাকর্মী ও ২২ নভেম্বরের পর আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি ও সব ধরনের মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার থেকে বিরত রাখতে আবারো জরুরিভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করে বিএনপি।
