দেশের পক্ষে কাজ করতে হবে : ইকবাল সোবহান চৌধুরী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫৩
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সবার উপরে দেশ। এক্ষেত্রে দেশের পক্ষে কাজ করতে হবে। 
 
স্থানীয় সময় রবিবার বাংলাদেশ দূতাবাসের হলরুমে দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলামের পরিচালনায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অনলাইন গণমাধ্যম ‘প্রবাস বাংলা’র উদ্বোধন করেন ইকবাল সোবহান চৌধুরী। 
 
তিনি বলেন, সৌদি আরবে দেশের ভাবমূর্তি উজ্বল হয়-এমন সংবাদ প্রচার করতে হবে। প্রবাসী সাংবাদিকদের স্থানীয় মূলধারার গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সৌদিআরবের গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন দেশের সাংবাদিকদের সরাসরি কাজের সুযোগ থাকলেও বাংলাদেশিদের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নেই। এ কারণে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করা হলেও এর প্রতিক্রিয়া দেখানোর সুযোগ থাকে না।
 
এ অবস্থায় দূতাবাসের নবনিযুক্ত প্রেস উইংয়ের মাধ্যমে প্রবাসী সাংবাদিকদের এক্রেডিটেশন কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণের কথা জানান ইকবাল সোবহান চৌধুরী।
 
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘প্রবাস বাংলা’র প্রকাশক রফিকুল হায়দার ভূইয়া। এতে বক্তব্য রাখেন কবি-সাহিত্যিক শাহজাহান চঞ্চলসহ আরো অনেকে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, ওয়াহিদুল ইসলামসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা। এ সময় দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে