খালেদা জিয়ার এত ভয় কিসের প্রশ্ন রেখে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তিনি আইন আদালতকে ভয় করেন, নির্বাচনকে ভয় পান, আওয়ামীলীগ ও জনগণকে ভয় পান। এতো ভয় পেলে রাজনীতি করা যায়না। কেউ অন্যায় অপরাধ করলে আইনে জেল হবে, অপরাধ প্রমাণ না হলে মাফ পাবেন। এটাই আইনের বিধান।
সোমবার দুপুরে কাজীপুরের সোনামুখী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে আয়োজিত ছাত্র-জনতার এক সমাবেশে মন্ত্রী এ সব কথা বলেছেন।
কোন চক্রান্ত ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম আরো বলেছেন দেশের উন্নয়ন করবে আওয়ামীলীগ আর বিএনপি ক্ষমতায় যাবার স্বপ্ন দেখবে, জনগণ তা মানবে না, মানতে পারেও না।
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ টেনে সমাবেশে মোহাম্মদ নাসিম বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অর্ন্তবর্তীকালীন এ সময়ে সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী দৈনন্দিন রুটিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, ভোট দেবে জনগণ। ভোটাররা যাকে খুশি তাকে বোট দেবে। জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে। তিনি এও বলেছেন এ দেশের জনগণ উন্নয়নের পক্ষে। জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসের পক্ষে যেতে পারে না।
সন্ত্রাস ও ধুমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানিয়ে ছাত্র শিক্ষকদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সন্ত্রাস. ধুমপান মানুষের কোন উপকারে আসে না। এ দুটো উপসর্গ মানুষ, পরিবার এবং সমাজকে ধ্বংস করে।
তিনি আরো বলেন- বঙ্গবন্ধু নামে যে কলেজ তা অবশ্যই জাতীয়করণ হবে।
কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিদ্দিক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক হাসান, কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য রতন কুমার কর্মকার ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। অ্যামবুলেন্স সার্ভিসের উদ্বোধন করে হাটশিরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে তিনি সোনামুখীতে নির্মানাধীন ষ্টেডিয়াম, চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যা বিশিস্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, চালিতাডাঙ্গা ইউপি ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
ইত্তেফাক/ রেজা
