‘ভাল মানের খাবার খাই, আমি প্রতিভাবান, আমার কোনো সমস্যা নেই’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০৯:৪৯
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ভাল মানের খাবার খাই, আমি প্রতিভাবান এবং আমার কোনো সমস্যা নেই। ভুয়া সংবাদের এই যুগে আমার টুইটের জন্য বিশ্বের অনেক মানুষই অপেক্ষায় থাকেন’। ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবার তার সাক্ষাৎকার প্রচার করা হয়। খবর ডেক্কান ক্রোনিকল’র
 
প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেওয়ার কারণ উল্লেখ করে বলেন, ‘বর্তমানে ভুয়া সংবাদের পরিমাণ বাড়ছে। এজন্য মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিতে হয়’। তিনি বলেন, ‘আমি জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু অনেক সময়ই তা পারি না। কারণ যেভাবে ভুয়া সংবাদ ছড়ানো হয় তা থেকে নিজেকে বাঁচাতে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি’। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি খুব ভোরে বিছানায় বসে, দুপুরের খাবার খেতে বসে, সন্ধ্যায় কিংবা রাতের খাবারের সময়ও টুইট করি। আমি সারাদিনই খুব ব্যস্ত থাকি। দীর্ঘ সময় ধরে কাজ করি’।
 
কোক এবং বার্গার খাওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি ভাল মানের খাবার খাই, বেশিরভাগ সময় বিশ্বের সেরা মানের শেফদের রান্না করা খাবার খাই। আমার কোনো সমস্যা নেই। আমি ভাল আছি’। তিনি নিজেকে প্রতিভাবান বলে মনে করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাজ্যে তার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তারা তার টুইটের জন্য অপেক্ষায় থাকেন। কারণ তিনি নিরাপত্তা নিয়ে কথা বলেন যা তারা ভালবাসেন।
 
ইত্তেফাক/আনিসুর