এডেনে অস্ত্রবিরতির আহ্বান সৌদি নেতৃত্বাধীন জোটের

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:০১
 
সৌদি নেতৃত্বাধীন আরব জোট মঙ্গলবার ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। সেখানে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি সৈন্যদের প্রচণ্ড লড়াই চলছে।
 
সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সকল পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে।’
 
বিবৃতিতে আরো জানানো হয়, ‘জোট বাহিনী এডেনের নিরাপত্তা ও অস্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’
 
ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস (আইসিআরসি) সোমবার রাতে জানিয়েছে, এডেনে দুই দিনের লড়াইয়ে অন্তত ৩৬ জন নিহত ও অপর ১৮৫ জন আহত হয়েছে। সোমবার লড়াইরত দুই পক্ষই ট্যাংক ও গোলা ব্যবহার করা শুরু করেছে। এর ফলে বন্দরনগরীটি কার্যত অচল হয়ে পড়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ