তিনি নিজে বহু খেলোয়াড়ের কাছে ‘আইডল’। তাঁর সাফল্য থেকে প্রেরণা খোঁজেন অনেকেই। কিন্তু বিরাট কোহলি কাকে দেখে প্রেরণা পান? কার পারফরম্যান্স উদ্দীপিত করে ভারত অধিনায়ককে? কাকে দেখে অনুপ্রাণিত হন তিনি?
সোমবার এক টুইটে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক। টুইটে কোহলি জানিয়েছেন এই মুহূর্তে কাকে দেখে তিনি প্রেরণা পাচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। কোহলির সেই নায়ক আর কেউ নন, টেনিস কিংবদন্তী রজার ফেদেরার।
২০তম গ্র্যান্ডস্লাম জেতার পর ফেদেরারকে অভিনন্দন জানিয়ে টুইটে কোহলি বলেন, ‘২০টা গ্র্যান্ডস্লাম আর ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন খেতাব। সত্যিকারের কিংবদন্তি। প্রেরণা।’
IMG0
কোহলি যে ফেদেরারের ভক্ত, তা আগেও অনেক বার দেখা গেছে। ফেদেরারের সঙ্গে আগে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। শুধু কোহলিই নন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই কিংবদন্তী টেনিস খেলোয়াড়ের ভক্ত। সেই তালিকায় যেমন আছেন সচিন টেন্ডুলকার, তেমন বর্তমান এই দলটায় ফেদেরার ভক্তদের ক্লাবে রয়েছেন রোহিত শর্মাও।
ইত্তেফাক/মোস্তাফিজ
