সদ্য শেষ হওয়া তিন জাতির টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট। এবার ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সরও তারাই থাকছে। সিরিজটির নাম রাখা হয়েছে ‘রকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, ২০১৮’। ২০ দিনের এই সিরিজে অনুষ্ঠিত হবে দুটি টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজটিকে সামনে রেখে গতকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সরের নাম ঘোষিত হয়। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হাসান। আর টাইটেল স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সানাউল আরেফিন।
এই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী জানান, সিরিজের টিকিটের ব্যাপারে তারা এবার একটু অন্যভাবে পরিকল্পনা করছেন, ‘টিকিট নিয়ে আমরা পরিকল্পনার কথা যেভাবে বলি ওটা সবসময় বাস্তবায়ন সম্ভব হয় না। এটা মূলত চাহিদা ও আমাদের ধারণ ক্ষমতার কারণে। আপনারা দেখেছেন কিছু কিছু ম্যাচে টিকিটের চাহিদা থাকে না কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে সবসময় চাহিদা থাকে। টেস্টে হয়তো অসুবিধা হবে না। আর টি-টোয়েন্টিতে যেহেতু টিকিটের পর্যাপ্ত চাহিদা থাকে এবং অতীতে এ ধরনের ঘটনা যেহেতু ঘটেছে আমরা চেষ্টা করব ম্যাচ ডেতেও কিছু কিছু টিকিট রাখার জন্য।’
এ ছাড়া টেস্ট সিরিজে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থাও থাকছে বলে সুজন জানালেন, ‘স্কুলের বাচ্চাদের জন্য বরাবরের মত স্কুলের প্রপার আইডেন্টিফিকেশন কনফার্ম করে তাদের জন্য ব্যবস্থা রাখা হবে। ওয়ানডে ম্যাচের জন্য অনুরোধ এসেছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। যেহেতু ম্যাচগুলো রাতে হয় সেক্ষেত্রে বাচ্চাদের সাথে অভিভাবকরা চলে আসে। এখন যেহেতু স্কুল খোলা আছে সেহেতু চেষ্টা করবো তাদের জন্যও প্রবিশনটা রাখার।’
আসন্ন দ্বিপাক্ষিক এই সিরিজে ৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গড়বে খেলবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষে ৫ ফেব্রুয়ারি দুই দলই ঢাকায় ফিরবে। ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ৮-১২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি শুরু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরদিন দুই দল চলে যাবে সিলেট। ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে।
ইত্তেফাক/কেআই
