বিনোদন রিপোর্ট
গেল বছরে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। নূর ইমরান মিঠু নির্মিত ছবিটি দেশ-বিদেশের সিনেমাপ্রেমিদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। বিশ্বের নামিদামি চলচ্চিত্র উত্সবে অংশ নিয়ে একের পর এক অর্জন করেছে গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। ছবিটি এবার পহেলা বৈশাখে প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আই-এর পর্দায় ঐদিন বিকেল ৩টা ৫ মিনিটে। এরই মধ্যে ছবিটি নেটফ্লিক্সে বিশ্বের দর্শকরা দেখতে পারছে। এই ছবি নির্মাণের জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার জিতেছেন নির্মাতা মিঠু। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। আরো অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।
