বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:১১
 
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেরাজুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে আজ বুধবার দুপুরে স্কুল থেকে প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।
 
সেরাজুল ইসলাম উপজেলার রামনাথপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। ওই দুর্ঘটনার শিকার হয়েছেন তার দুই বন্ধু মিলন ও রোকন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে তাদেরও এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তিন বন্ধু আজ বুধবার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজেদের বাড়ি ফিরছিল। পথিমধ্যে পার্বতীপুর সড়কের ফাটিকের ডাঙ্গা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।
 
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব-উল-দৌল্লা আহতদের মধ্যে সেরাজুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন। রোকন ও মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসক রাজিব-উল-দৌল্লা বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলাম মারা গেছে।
 
বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার বলেন, 'সেরাজুল ইসলাম ভোকেশনালের ছাত্র ছিল। তার করুণ মৃত্যুতে আমরা শোকাহত।'
 
ইত্তেফাক/এসএস