নগরকান্দায় প্রতিমা ভাংচুর, গ্রেফতার ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২২:০৭
 
নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামের মালো পাড়ার গঙ্গা মন্দিরের ৬টি প্রতিমা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে। এ ব্যাপারে নগরকান্দা থানায় মামলা হয়েছে।
 
জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক শেখের ছেলে খোরশেদ শেখ ও মোজা শেখের ছেলে আতিয়ার শেখসহ কয়েকজন প্রতিমা ভাংচুর করেছে বলে জানান মামলার বাদী নিখরহাটি গ্রামের সুকুমার মালোর স্ত্রী অনিতা মালো। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিয়ার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
 
নগরকান্দা থানা ওসি (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী ও চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, এ ঘটনায় নিখরহাটি গ্রামের মোজা শেখের ছেলে আতিয়ার শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি