সাভারে ঘাতক ট্রাক কেড়ে নিল ফুটবলারের স্ত্রী ও ছেলের প্রাণ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:৪৬

গতকাল সাভারে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে এক ফুটবলারের স্ত্রী ও শিশু সন্তানের প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন ওই ফুটবলার। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর দুইটার দিকে মোটরসাইকেলে মানিকগঞ্জের শিবালয় থেকে নিজের স্ত্রী ও তিন বছরের পুত্র সন্তানকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন শেখ রাসেল ক্লাবের ফুটবলার সোহেল রানা। মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সোহেল রানার স্ত্রী তাসলিমা আফরিন ঝুমা (২২)। গুরুতর অবস্থায় ছেলে আব্দুল্লাহ আফনান এবং সোহেল রানাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শিশু আব্দুল্লাহকেও মৃত ঘোষনা করেন। বর্তমানে ফুটবলার সোহেল রানা হাসপাতালে চিকিত্সাধীন। তিনি মানিকগঞ্জের শিবালয় থানার সাকরাইল গ্রামের আমির হোসেনের ছেলে। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘাতক ট্রাক কিংবা চালককে আটক করতে পারেনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, মরদেহগুলো থানায় আনা হলেও লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করে ঘাতক ট্রাক এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে আরেকটি ঘটনায় সকালে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় বাস চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে।