ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশে বিদ্যমান অন্যান্য ভাতার ন্যায় খেলোয়াড়দের জন্যও ক্রীড়া ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থ বছর থেকে ক্রীড়া ভাতা চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে।
জাতিসংঘে ইয়ুথ ফোরাম ২০১৯-এর সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এরই ফাঁকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসনের হাইটসের পালকি পার্টি সেন্টারে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলা এবং ৪৪৫টি উপজেলায় স্পোর্টস ক্লাব করার পাশাপাশি স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে যাবতীয় কাজ এগিয়ে চলছে।
তিনি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাস জীবনের এত ব্যস্ততার মাঝেও খেলাধুলাকে এভাবে এগিয়ে নেওয়াটা সত্যিই প্রশংসনীয়। তিনি প্রবাসে খেলার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দিয়ে লিখিত প্রস্তাবনা পাঠানোর পরামর্শ দেন সংশ্লিষ্টদের।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারিক ইসলাম, সাবেক জাতীয় খেলোয়াড় অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, প্রবীণ ক্রীড়া সংগঠক ছদরুন নূর প্রমুখ।
