ভারতীয় রান মেশিন বিরাট কোহলি যেন সেঞ্চুরির ফেরিওয়ালা। যে দেশে খেলতে গেছেন, সেই দেশেই শতক হাঁকানোর নজির গড়েছেন এই মাস্টার ব্লাস্টার। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ৯ দেশের মাটিতে এখন শতক তার। আফগানিস্তান, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের মাটিতে এখনো খেলা হয়নি তার।
কোহলি বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই ক্যারিয়ারের ৩৩তম শতক তুলে নেন। তার ১১৯ বলে ১১২ রানের ইনিংসে ভর করে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে সহজ জয় পায় ভারত।
আগে আইসিসির পূর্ণ সদস্য দেশ ছিল দশটি। ২০১৭ সালে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান যোগ হয়। ৯ দেশের মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড আছে শুধুমাত্র শচীন টেন্ডুলকার এবং সনাথ জয়সুরিয়ার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি নেই শচীনের। জিম্বাবুয়েতে নেই জয় সুরিয়ার।
কোহলি সবসময় টার্গেটে খেলতে পছন্দ করেন। রান তাড়া করতে নেমে এই নিয়ে ২০ বার সেঞ্চুরি করলেন। তার মধ্যে দলকে জিতিয়েছেন ১৮ বার!
ইত্তেফাক/ রেজা
